Monday, August 5, 2019

পৃথিবীর সব মা’ই ভালো মা | i love my mother quotes


পৃথিবীর সব মা’ই ভালো মা। কিন্তু পৃথিবীর সব বাবা’ই ভালো বাবা নন। মা কেন ভালো মা? তিনি আদর করেন বলে? ভালো রাঁধেন বলে? কাপড় ধুয়ে দেন, ঘরবাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখেন, পড়াশোনার খোঁজ খবর করেন– এই জন্য?… সম্ভবত মা হলেন একমাত্র ব্যক্তি, যাঁর ভালো হবার পেছনে কারণ লাগে না, যাঁকে ভালোবাসার জন্য শর্ত প্রযোজ্য হয় না।


কিন্তু বাবার ক্ষেত্রে হয়। শর্ত প্রযোজ্য হয়। বাবা যদি ঠিক মতো আয়-রোজগার করতে না পারেন, চাহিদামতো কাপড়-চোপড়, কম্পিউটার-ঘড়ি-মোবাইল, কসমেটিক্স ইত্যাদি কিনে দিতে না পারেন, ভালো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠাতে না পারেন, এদেশ-বিদেশ ঘোরাতে না পারেন, উজ্জ্বল ভবিষ্যতের জন্য খেয়ে না খেয়ে আগাম সঞ্চয় করে রাখতে না পারেন, সর্বোপরি, সহ্য করতে পারুন বা না পারুন– মা’র সাথে মানিয়ে চলতে না পারেন – তিনি কোনোমতেই ভালো বাবা নন। অতএব, বাবা সম্পর্কটার সাথে “শর্ত প্রযোজ্য”। শুধু শর্তই নয়, কড়াকড়ি শর্ত প্রযোজ্য। তাই পৃথিবীতে একটাও মন্দ মা না থাকলেও লাখ লাখ কোটি কোটি মন্দ বাবা গিজগিজ করছেন!